
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যেই এই মামলার চার্জশিট দাখিল করা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদ্ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়, কারণ এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।
তিনি জানান, এ পর্যন্ত মামলার তদন্তে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইজিপি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে। তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড এবং এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে।
আইজিপি বাহারুল আলম বলেন, তদন্তের স্বার্থে যতটুকু তথ্য প্রকাশ করা সম্ভব, সেটুকুই আজ জানানো হয়েছে। আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিতভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন।