
সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোনারুল হোসেন বকশি হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৯ আগস্ট) সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের সামনে আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাভার থানা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোনারুল হোসেন বকশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি সালমান শাহ শান্ত, সাভার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি সাগর হোসেনসহ ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।