
গত ১২ই জুলাই ২০২৬ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ৩ নম্বর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী বুশরা খান নিদ্রা। ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত বুশরা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে।
বুশরা খান নিদ্রা রাজাপুর গ্রামের নাজমুল হক খান ও শাম্মী খানের বড় মেয়ে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ খান জানান, “বুশরা খান নিদ্রাসহ আমাদের বিদ্যালয় থেকে আরও তিনজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বুশরার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”
বুশরার মা শাম্মী খান বলেন, “ফল প্রকাশে দীর্ঘ সময় লাগায় আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম। তবে আমার মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় এখন খুব ভালো লাগছে।”
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বৃত্তি অর্জনে ছাত্রীরা এগিয়ে রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র রয়েছে ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী রয়েছে ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।