
অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টায় বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
‘জীবনের পথে পথে’ কেবল একটি আত্মজীবনী নয়, বরং এটি একজন নিবেদিতপ্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প এবং সংগ্রামী জীবনের অনুপ্রেরণামূলক কাহিনি। দীর্ঘ প্রবাসজীবনে করাচি, তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে লেখক তুলে ধরেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা দিক।
বিশেষ করে ইরান–ইরাক যুদ্ধের ভয়াবহ সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন নিষ্ঠা ও মানবিকতার সাথে। মানুষের পাশে দাঁড়ানোর অদম্য মানসিকতা এবং মানবসেবার ব্রতই তাঁর জীবনচলার মূল প্রেরণা হয়ে উঠেছে—যার প্রতিফলন ঘটেছে এই গ্রন্থের পাতায় পাতায়।
গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান বলেন, এই বইয়ে তিনি বিশেষভাবে তরুণদের জন্য তাঁর জীবন সংগ্রামের নানা অধ্যায় তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “২২ থেকে ৩০ বছর বয়সী তরুণরা যদি জীবনের প্রতিবন্ধকতাগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করে, তবে তারাও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারে—সেই অনুপ্রেরণার গল্পই এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আনোয়ার জুয়েল এবং দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বইটি ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ পাওয়া যাচ্ছে। মানবিকতা, সাহস ও সংগ্রামের অনুপ্রেরণাময় গল্পে সমৃদ্ধ এই আত্মজীবনী পাঠকদের হৃদয় স্পর্শ করবে এবং নতুন স্বপ্ন দেখার সাহস জোগাবে বলে মনে করছেন আয়োজকরা।