
দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ভালো মানের সোনার দাম ভরিতে দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম রোববার ২৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বৈশ্বিক বাজারেও সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা।