
ভিলা পার্কে রবিবার রাতে যেন একাই ম্যাচের রং বদলে দিলেন মরগান রজার্স। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার জোড়া অসাধারণ গোলে ২–১ ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের দশ ম্যাচের জয়যাত্রা।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ভিলাকে এগিয়ে দেন রজার্স। কঠিন এক বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে এনে টাচলাইনের কাছ থেকে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁকানো শটে ইউনাইটেড গোলরক্ষক সেনে লামেন্সকে অসহায় করে বল জড়ান জালের উপরের কোনায়, ভিলা পার্কে তখন উল্লাসের ঝড়।
তবে বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরাতে সক্ষম হয় ইউনাইটেড। ভিলার ডান দিকের রক্ষণভাগে ম্যাটি ক্যাশ বল হারালে সুযোগটা কাজে লাগান মাতেউস কুনহা। ঢিলেঢালা বল পেয়ে জোরালো শটে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন তিনি। কিন্তু আনন্দটা স্থায়ী হয়নি, কারণ বিরতির সময়ই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা চনমনে ছিল সফরকারীরা, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুতই ফের দখলে নেয় ভিলা। ৫৭তম মিনিটে আবারও নিজের জাত চেনান রজার্স। বক্সের বাইরে থেকে নিখুঁত কার্লিং শটে লামেন্সকে দ্বিতীয়বারের মতো পরাস্ত করে ম্যাচে চূড়ান্ত ব্যবধান গড়ে দেন তিনি।
এই জয়ে বড়দিনে লিগ টেবিলের তিন নম্বরে থাকছে অ্যাস্টন ভিলা। তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট, আর সাত নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা এগিয়ে ১০ পয়েন্টে। ভিলার এই ধারাবাহিকতা এখন আর কাকতাল নয়, রজার্সের মতো পারফরমাররা প্রমাণ করছেন, তারা সত্যিই শীর্ষ চ্যালেঞ্জার হয়ে উঠছে।