চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর উদ্যোগে সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় চাঁদপুর সরকারি শিশু পরিবারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন ফুটবল খেলোয়াড়ের হাতে জার্সি, প্যান্ট ও বুট তুলে দেওয়া হয়।
ক্রীড়াবিদ আলহাজ্ব হুমায়ূন কবীর-এর সভাপতিত্বে এবং ফিরোজ আহমেদ ও লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এক সময় আমিও ফুটবল খেলতাম। আমার বিশ্বাস, শিশু পরিবারের আজ যারা খেলছে, একদিন তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা আনার চেষ্টা করব।”
স্বাগত বক্তব্যে ওয়েফের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম কিরণ বলেন, “আমিও তোমাদের মতো বয়স্কাউট করেছি, ক্যাম্প ও জাম্বুরিতে অংশ নিয়েছি এবং ফুটবল খেলেছি। আমিও মা-বাবা হারিয়ে এতিম হয়েছি। আমাদের মধ্যে পার্থক্য শুধু আর্থিক অবস্থানে। আল্লাহ নিশ্চয়ই তোমাদের জন্য ভালো কিছু রেখেছেন। সেই ভাবনা থেকেই সরকারের পাশাপাশি ওয়েফ তোমাদের পাশে থাকতে চায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েফের ভাইস প্রেসিডেন্ট তারেক হোসেন মজুমদার, নির্বাহী সদস্য মরিয়মের নেছা রেখা, উপদেষ্টা কামরুল হোসেন, ট্রেজারার ফিরোজ হোসাইন, ক্রীড়াবিদ সাফিয়া কবীর শেলী, চর্যাপদ সাহিত্য একাডেমি-এর সভাপতি আয়েশা আক্তার রুপা, অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি এবং শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন।
পরে শিশু পরিবারের খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)