
ঢাকার সাভারে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোগে স্টল ফ্রি উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ২৫ জন স্থানীয় উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ। মেলার উদ্বোধন করেন ‘হাল ছেড়ো না বন্ধু’-এর প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন।
সভাপতির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান অপূর্ব বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ও দক্ষ হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার না করলে ব্যবসায় সফল হওয়া কঠিন হয়ে পড়ে।
প্রধান অতিথি ইকবাল বাহার জাহিদ উদ্যোক্তাদের নতুন চিন্তা, উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আত্মবিশ্বাস ও ধারাবাহিক প্রচেষ্টাই একজন উদ্যোক্তাকে সফলতার পথে এগিয়ে নিতে পারে।
দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। মেলায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা শেষে সর্বোচ্চ বিক্রয়কারী উদ্যোক্তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আবদুল্লাহ আল মামুন, দিয়ামনি-ই কমিউনিকেশনের মহাসচিব সেলিম মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
দিয়ামনি-ই কমিউনিকেশন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোক্তাবান্ধব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)