আমার বাংলাদেশ পার্টির (এবি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা-২০ (ধামরাই) আসনের দলীয় মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ (অব.) বলেছেন, ধামরাইয়ের জনগণ এখন আর শুধু প্রতীক নয়, ব্যক্তি ও তার আদর্শকে বিবেচনায় নিয়েই ভোটের সিদ্ধান্ত নিচ্ছে। মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা চায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ বলেন,“আমার বাংলাদেশ পার্টির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-এই তিনটি মূলনীতির ওপর ভিত্তি করেই আমাদের রাজনীতি পরিচালিত হচ্ছে। আমরা চাই এমন একটি রাষ্ট্র, যেখানে মানুষ হবে রাষ্ট্রের মালিক, আর জনপ্রতিনিধিরা হবে জনগণের সেবক।”
তিনি আরও বলেন,“ধামরাইয়ের মানুষ আজ সচেতন। তারা দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত। আমি বিশ্বাস করি, এই নির্বাচনে জনগণ ঈগল প্রতীকে ভোট দিয়ে ন্যায়, সততা ও পরিবর্তনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করবে।”
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় এবি পার্টির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও প্রচারণায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)